শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ শুরু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে একটি মানবিক প্রকল্প গ্রহণ করেছে যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটি সংগঠন ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’। এই প্রকল্পের আওতায় সিলেট বিভাগের চার জেলায় পর্যায়ক্রমে মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত ১৩ নভেম্বর ২০২৬ (শুক্রবার) বিকেল ৩টায় মৌলভীবাজারের ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ্ব আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার হাসানুজ্জামান হাসান খাঁন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ। এরপর সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়নে যারা আর্থিক অনুদান প্রদান করেছেন, তাঁদের নাম পাঠ করে শোনান সংগঠক এম মুহিবুর রহমান মুহিব।
যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে মূল বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক সহযোগিতা প্রদানকারী সকল দাতা, অতিথি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু মৌলভীবাজার নয়, পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।” তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার ইউসুফ আলী, সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী এবং রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আলীসহ স্থানীয় অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
যে সকল দাতার আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে:
যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দের আর্থিক সহযোগিতায় এ মানবিক প্রকল্প পরিচালিত হচ্ছে। অনুদানদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গ্রেটার সিলেট কমিউনিটির প্যাট্রন ড. হাসনাত এম. হোসাইন এমবিই; প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন; সিনিয়র উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর; প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর; জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আশরাফ মিয়া; ট্রেজারার হেলেন ইসলাম; সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ; মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুন নূর মোহন; কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা; এবং যুক্তরাজ্য শাখার বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দসহ অন্যান্য দানশীল ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ব্রিটিশ এমপি ব্যারিস্টার ইমরান হোসেনসহ অন্যান্য বক্তারা বলেন, নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তাঁরা পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একটি সেলাই মেশিন একজন নারীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, যার মাধ্যমে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারেও সচ্ছলতা আনতে পারবেন। বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং মানবকল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ প্রেরক:
শেখ নুরুল ইসলাম
প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬