শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সাতক্ষীরায় বেড়েছে দলীয় সাংবাদিক, ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সাতক্ষীরায় ‘ধান্দাবাজ’ ও হলুদ সাংবাদিকতার জয়জয়কার: আড়ালে দুর্নীতি আর ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:

সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সাংবাদিকতা পেশায় নেমে এসেছে চরম বিপর্যয়। পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যখন কোণঠাসা, তখন জেলার গণমাধ্যম জগৎ দখল করে নিয়েছে একশ্রেণীর সুবিধাবাদী চাটুকার, চাঁদাবাজ, দালাল ও দলীয় তকমাধারী কথিত সাংবাদিক। একের পর এক নামসর্বস্ব দলীয় পত্রিকা ও ভুঁইফোঁড় অনলাইনের দাপটে মূলধারার সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখন বিলুপ্তপ্রায়। আর এই সুযোগে স্থানীয় সরকারি দপ্তরগুলোতে চেপে বসেছে দুর্নীতির পাহাড়, যার মাসুল গুণতে হচ্ছে সাধারণ জনগণকে।
সাংবাদিকতার নামে ‘চাদাবাজি ও দালালি’
অনুসন্ধানে জানা যায়, জেলাজুড়ে এখন সাংবাদিক পরিচয়ে ঘুরছে একদল ধান্দাবাজ লোক, যাদের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা প্রকৃত সাংবাদিকতার অভিজ্ঞতা নেই। তাদের প্রধান কাজই হলো—বিভিন্ন অফিস-আদালতে গিয়ে কর্মকর্তাদের সাথে সখ্য গড়ে তোলা, সুবিধা হাসিল করা এবং নিয়মিত ‘মাসোহারা’ বা চাঁদা আদায় করা। জেলা শহরের মোড়ে মোড়ে এখন দলীয় লেবেল লাগানো সাংবাদিকদের দৌরাত্ম্য। প্রকৃত সাংবাদিকরা যেখানে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশে বাধা পাচ্ছেন, সেখানে এই দালাল চক্র কর্মকর্তাদের অন্যায় আড়াল করতে ব্যস্ত।
নিষ্ক্রিয় জেলা প্রশাসন, সুযোগে লাগামহীন দুর্নীতি
সাংবাদিকদের এই অনৈতিক নীরবতা ও চাটুকারিতার সুযোগ নিয়ে সাতক্ষীরার সরকারি-বেসরকারি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ভূমি অফিস, হাসপাতাল, পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট হলেও তদারকির কোনো বালাই নেই।
অভিযোগ রয়েছে, অনিয়ম বন্ধে জেলা প্রশাসনের ভূমিকা একেবারেই নিষ্ক্রিয়। অভিযোগ জমা পড়লেও তা রহস্যজনকভাবে ধামাচাপা পড়ে যায়। চাটুকার সাংবাদিকদের ‘অল ইজ ওয়েল’ মার্কা প্রচারণার আড়ালে জেলা প্রশাসন একপ্রকার চোখ বন্ধ করে আছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
জনদুর্ভোগ তুঙ্গে, জনস্বার্থ আড়ালে
সাংবাদিকদের কাজ ছিল দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু সাতক্ষীরায় সেই চিত্রে বিপরীত হাওয়া। দুর্নীতিবাজ কর্মকর্তা ও ধান্দাবাজ সাংবাদিকদের এই অশুভ আঁতাতের খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। যেকোনো সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ পদে পদে ঘুষ ও হয়রানির শিকার হচ্ছেন, কিন্তু তাদের পক্ষে কথা বলার মতো গণমাধ্যম আজ খুঁজে পাওয়া দুষ্কর।
সচেতন মহলের ক্ষোভ
সাতক্ষীরার সুশীল সমাজ ও সচেতন নাগরিকদের মতে, “সাংবাদিকতার নামে যা চলছে তা সরাসরি অপরাধের শামিল। গণমাধ্যমের এই অবক্ষয় পুরো জেলা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অনতিবিলম্বে ভুঁইফোঁড় সাংবাদিক, চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে সাতক্ষীরার সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছাবে।”
বর্তমানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কড়া পদক্ষেপ ও মূলধারার সাংবাদিকদের সোচ্চার হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2027
Design & Developed BY https://starwebhostit.com/