মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সাতক্ষীরায় মাদকের থাবায় জিম্মি মিয়াসাহেবের ডাঙ্গা: পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ ও গোয়েন্দা নজরদারির দাবি
বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অধীনস্থ মিয়াসাহেবের ডাঙ্গা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার চরম আকার ধারণ করেছে। মাদক কারবারিদের দাপটে কার্যত জিম্মি হয়ে পড়েছেন এলাকার সাধারণ, গরিব ও খেটে খাওয়া মেহনতি মানুষ। বহিরাগতদের অনবরত আনাগোনা এবং প্রকাশ্যে মাদকের বেচাকেনা চললেও প্রতিবাদের সাহস পাচ্ছেন না স্থানীয়রা। এই পরিস্থিতিতে মাদকের বিষাক্ত ছোবল থেকে পরিবার ও সন্তান-সন্ততিকে বাঁচাতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি)-এর সরাসরি হস্তক্ষেপ এবং এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর আকুল দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়াসাহেবের ডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে একশ্রেণির অসাধু চক্র অভিনব কায়দায় ইয়াবাসহ বিভিন্ন মারাত্মক মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এলাকাটিতে প্রতিনিয়ত অপরিচিত ও সন্দেহভাজন বহিরাগতদের যাতায়াত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদক কারবারিরা কৌশলগত কারণে হাতেনাতে ধরা না পড়ায় তাদের আইনি প্রক্রিয়ায় আওতায় আনা কঠিন হয়ে পড়ছে।
এলাকার সহজ-সরল মানুষ জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কেউ মুখ খুললে বা প্রতিবাদ করতে গেলে নানাভাবে ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হতে হয়। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। বিশেষ করে নিম্নআয়ের মেহনতি মানুষজন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
গ্রামবাসীর দাবি, চিরাচরিত অভিযানের পাশাপাশি এলাকায় যদি সাদা পোশাকে নিবিড় গোয়েন্দা নজরদারি (Intelligence Surveillance) বাড়ানো যায়, তবেই এই সিন্ডিকেটের মূল উপড়ে ফেলা সম্ভব হবে।
ভুক্তভোগী এক এলাকাবাসী আক্ষেপ করে বলেন, “আমরা সাধারণ মানুষ, শান্তিতে বাস করতে চাই। কিন্তু এলাকা যেভাবে মাদকের আখড়ায় পরিণত হচ্ছে, তাতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি— তিনি যেন নিজে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে গোপন গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই মাদকচক্রকে আইনের আওতায় আনার নির্দেশ দেন।”
সাতক্ষীরার সুশীল সমাজ ও সচেতন মহল মনে করছেন, মিয়াসাহেবের ডাঙ্গাকে মাদকমুক্ত করতে হলে অতি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান এবং ধারাবাহিক গোপন নজরদারি জোরদার করা জরুরি।